
নিজস্ব প্রতিবেদকঃ
প্রেম-ভালোবাসা যেটি সৃষ্টিকর্তা প্রদত্ত। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। এটি মানে না কোনো ধর্ম, বর্ণ বা দেশ। সে কথা আবারও প্রমাণিত হলো। বাংলাদেশি তরুণের প্রেমের টানে নিজ দেশ ইতালি ছেড়ে কক্সবাজারের রামুতে চলে এসেছেন রুবেরটা (২৩) নামের এক তরুণী। গেল বুধবার (৯ নভেম্বর) রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়া পাড়ার ফ্রান্স প্রবাসী বিকাশ বড়ুয়ার ছেলে রুনেক্স বড়ুয়ার (২৮) সঙ্গে ইতালির সার্দেনিয়া শহর থেকে বাংলাদেশে আসেন ওই তরুণী।
জানা যায়, প্রায় তিন বছর আগে ইতালিতে যায় রুনেক্স। সেখানে ওই তরুণীর সঙ্গে একটি আবাসিক হোটেলে কাজ করত সে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছরের বেশি সময় প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এই সম্পর্কের ধারাবাহিকতায় তরুণী বাংলাদেশে আসেন। চলতি মাসেই তাদের পারিবারিকভাবে বিয়ে হবে।
রুনেক্স বড়ুয়া বলেন, ‘তিন বছর আগে ইতালিতে গিয়েছিলাম। একটি হোটেলে কাজ করতাম। সেখানেই পরিচয় হয় রুবেরটার সঙ্গে। এরপর প্রেম। এখন আমরা দেশে এসেছি বিয়ে করব। আপনাদের দাওয়াত। সে আমার পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। আমার পরিবারও তাকে গ্রহণ করেছে।’
প্রেমের সফল পরিণতিতে রুবেরটা বলেন, ‘মানুষের জীবন একটা। সঙ্গীও একটা হওয়া উচিত। আমার সমাজে সেটা নেই। আমি বিশ্বাস করি, রুনেক্স আমার জীবনে একমাত্র সঙ্গী হয়ে থাকবে। ওকে পেয়ে আমি দারুণ খুশি। তার পরিবারের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এ ধারা সামনের দিনগুলোতে বজায় থাকবে সেই প্রার্থনা করি।’
রুনেক্সের পরিবার বলেন, ‘আমরা আনন্দিত। দুজনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভাষাগত সমস্যা থাকলেও সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন রুবেরটা। ঘুরে বেড়াচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতসহ নানা জায়গায়। এলাকার লোকজন তাকে দেখার জন্য সারাক্ষন তাদের বাড়িতে ভিড় করছে। আমাদের স্বপ্ন ছিল ঘরে বিদেশি বউ আনবো। সেটাই বাস্তবে রূপ পাচ্ছে। আমরা তাকে নিয়ে খুব খুশি। তাদের ধুমধাম করে বিয়ে দেবো।













