
হাসান তারেক মুকিম,রামু
কক্সবাজারের রামুতে মিয়ানমার থেকে অবৈধ পথে আসা ২২টি চোরাই গরু জব্দ করেছে পুলিশ। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ছাইম্যারঘোনা পাহাড়ি এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল হোছাইনের নির্দেশে এসআই অসিম চন্দ্র দর, আবদুছ ছামাদ ও এমিলন বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জোয়ারিয়ানালার ব্যাঙ্গড়েপা সড়কের ছাইম্যারঘোনা পাহাড়ি এলাকা থেকে ২২টি চোরাই গরু জব্দ করেন। এদিকে স্থানীয়দের অভিযোগ গরুর ঐ পালে শতাধিক গরু থাকলেও পুলিশ মাত্র ২২টি গরু জব্দ করতে সক্ষম হয়।
রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল হোছাইন দৈনিক যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোয়ারিয়ানালা এলাকা হতে মিয়ানমারের ২২টি গরু জব্দ করেন। এছাড়া পাহাড়ের ভেতরে আরো কিছু সংখ্যক গরু থাকতে পারে বলে জানান।
উল্লেখ্য যে, গত তিন মাস ধরে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত রামুতে ঢুকছে চোরাই পথে আসা মিয়ানমারের গরু। এ ঘটনায় বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হলে রামু থানা পুলিশের টনক নড়ে। এর প্রেক্ষিতে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে ২২টি চোরাই গরু জব্দ করেন।













