
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পরিচয়ী নাজমুল হক নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সময় তার সহযোগী ড্রাইভারকেও আটক করা হয়।
আজ শনিবার (১৩ জুন ) সকাল ১১ টায় শহরের কলাতলী আবাসিক হোটেল ‘মিল্কিওয়ে’ থেকে ভূয়া এনএসআই পরিচালক নাজমুল হকসহ তার ড্রাইভারকে আটক করা হয়। এসময় তার রুম হতে ৪০০ ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, ৬ টি সিম কার্ড, দুটি মোবাইল সেট ও একটি নোয়াহ গাড়ি জব্দ করা হয়। ধৃত নাজমুল হক ময়মনসিংহ এর গফরগাঁও পৌরসভার আব্দুল হাইয়ের ছেলে।
আটকের সত্যতা নিচ্ছিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহাজাহান কবির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোটেল মিল্কিওয়ে থেকে ড্রাইভারসহ তাকে আটক করে পুলিশ। সে এনএসআই পরিচালকের ভুয়া পরিচয়ে ইয়াবা পাচারসহ নানা প্রতারণায় লিপ্ত ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
সে হুমকি ধমকি দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়ে আসছে। এবিষয়ে বিস্তারিত তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা হবে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার উপ পরিদর্শক আরিফ উল্লাহ জানান, বিগত দুই-তিন বছর ধরে ধৃত নাজমুল কক্সবাজারে আসা যাওয়া করছে। মূলত ইয়াবা ব্যবসার জন্যই সে আসত এবং কলাতলীস্থ ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার দহরম মহরম সম্পর্ক রয়েছে। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকের মামলা রয়েছে।
কক্সবাজার শহরের কলাতলীর আইয়ুব নামের এক ব্যক্তি তার ইয়াবার পার্টনার। তাকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।













