
নিজস্ব প্রতিবেদকঃ
রামুর রশিদনগরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতার উপর বর্বরোচিত হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত বিতর্কিত ইউপি চেয়ারম্যান শাহ আলমসহ ৬ জনের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত। ১৪ ফেব্রুয়ারি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার নাথ এ আদেশ প্রদান করেন।
জামিন নামঞ্জুর হওয়া অন্যান্য আসামীরা হলেন, লাল মিয়ার পুত্র ফায়সাল, মৃত কালু মিয়ার পুত্র রমজান আলী প্রকাশ রমজান ডাকাত, মৃত আবু শামা প্রকাশ তোফায়েল আহমদের পুত্র মোঃ কাশেম প্রকাশ ডাকাত কাশেম, মৃত ছালে আহাম্মদের পুত্র জাফর আলম ও মোজাফফর আহাম্মদের পুত্র শাহজাহান।
উল্লেখ্য গত ২৩ জানুয়ারি রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজারে বিতর্কিত চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় গুরতর আহত হন রশিদনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নজিবুল আলম, সহ সভাপতি সাইফুল ইসলাম এবং ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুল করিম। এ ঘটনায় আহত নজিবুল আলমের ভাই শাহ আলম বাদি হয়ে ২৪ জানুয়ারি রামু থানায় মামলা (নং ২৭) দায়ের করেন। মামলায় রশিদনগর ইউপি চেয়ারম্যান শাহ আলম সহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
উক্ত মামলায় মহামান্য হাইকোর্টের নির্দেশ মতে ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহা আলম চেয়ারম্যানসহ ১১ জন আত্মসমপর্ণ করতে গেলে দীর্ঘ শুনানির পর আদালত উক্ত ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় শাহা আলম চেয়ারম্যান সহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি ৫ জনকে জামিন প্রদান করেন।













