
নিজস্ব প্রতিবেদক, রামু
‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এ প্রতিপাদ্যে রামুতে শিশু নির্যাতন ও ধর্ষণ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় রামু ল্যাবরেটরি স্কুল অডিটরিয়ামে দেশব্যাপী ক্রমবর্ধমান শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবীতে রামু উপজেলা সর্বদলীয় স¤প্রীতির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিএফজির পিস এ্যাম্বাসেডর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডলের সভাপতিত্বে এবং রামু উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় দেশব্যাপী ক্রমবর্ধমান শিশু নির্যাতন ও ধর্ষণের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, রামু উপজেলা শাখার সভাপতি হাফেজ আহমদ। তিনি বলেন, শিশু নির্যাতন হল বাবা-মা বা অন্য কোন অভিভাবক দ্বারা কোন শিশুর প্রতি শারীরিক, যৌন বা মানসিক দুর্ব্যবহার করা বা শিশুকে অবহেলা করা। আর বর্তমান সময়ে আমাদের অতি আদরের শিশুদের উপর এ ধরণের নিপীড়ন এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে, তা আর কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। এমতাবস্থায় পরিবার ও রাষ্ট্রের পাশাপাশি সমাজের সচেতন মহল শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে এগিয়ে না আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনোই আলোর মুখ দেখবেনা। তারা অন্ধকারেই থেকে যাবে।
পিএফজি সদস্যদের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সার্বিক সহযোগিতায় শিশু নির্যাতন ও ধর্ষণ বিরোধী আলোচনা সভায় শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিহত করার ক্ষেত্রে করণীয় বিষয়ে পিএফজি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, রামু উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, সুশাসনের জন্য নাগরিক সুজন রামুর সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, দ. মিঠাছড়ি বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী খান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়েদুর রহমান, রামু ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম মাহবুব, স্কুল পরিচালনা বোর্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক আল মাহমুদ ভুট্টো প্রমুখ। এসময় তারা বলেন,বর্তমান সময়ের অন্যতম সামাজিক সমস্যা হল ধর্ষণ ও শিশু নির্যাতন। তাই এগুলো প্রতিহত করার ক্ষেত্রে নারীদের পাশাপাশি পুরুষদের ও এগিয়ে আসতে হবে। প্রেম বা বন্ধুত্বের নামে কেউ যাতে ধর্ষনের মত ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সভাপতির বক্তব্যে রামু উপজেলা পিএফজির পিস এ্যাম্বাসেডর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল বলেন, বাংলাদেশ যেন আজ শিশু নির্যাতনকারী ও ধর্ষকের অভয়ারণ্যে পরিণত হয়েছ। শহরে, গ্রামে, পাহাড়ে, সমতলে, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে নৃশংস নিপীড়নের শিকার হচ্ছেন শিশু এবং নারী। এ অবস্থাকে আর সহ্য করা যাচ্ছেনা। এপরিস্থিতি নিয়ন্ত্রনে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ধর্ষক ও নিপীড়ন কারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিহত করার জন্য প্রচলিত আইন ও ধর্মীয় নির্দেশনার বাস্তবায়ন পূর্ণ মাত্রায় ঘটাতে হবে। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের সকলেই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পরিধান করেন।













