
হুমায়ূন রশিদ : টেকনাফ
টেকনাফে নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরধরে সালমান শাহ গ্রুপ এবং পুতিয়া গ্রুপের মধ্যে পৃথকভাবে দফায় দফায় হামলায় ঘটনাস্থলে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, গত ১৩ মার্চ (শনিবার) রাত ১১টারদিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে সক্রিয় থাকা ছৈয়দ হোছন প্রকাশ পুতিয়া গ্রুপের সদস্যরা এসে সি-ব্লকের শেড নং-৮৮৫, এমআরসি নং-৩৫৬৫৫ এর বাসিন্দা দিল মোহাম্মদের পুত্র মোহাম্মদ জুবায়ের (২১) কে তুলে নিয়ে গিয়ে পাশর্^বর্তী এলাকায় গুলি করে মেরে ফেলে। নিহত ব্যক্তি সালমান শাহ গ্রুপের সদস্য ছিল।
এই নৃশংস ঘটনার খবর পেয়ে সালমান শাহ গ্রুপের লোকজন প্রতিশোধ নিতে ১৪মার্চ (রবিবার) ভোর ৪টায় একই ব্লকের শেড নং-৮৬৪/৬, এমআরসি নং-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের পুত্র মোঃ-জলিল ওরফে সুনিয়া (২২) কে এলোপাতাড়ি কুপিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে বীরদর্পে চলে যায়। এরপর উপস্থিত লোকজন রক্তাক্ত জলিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে সে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এই ব্যাপারে ১৬ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনার পর ক্যাম্পে পুলিশী টহল জোরদার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িতদের আটক অভিযান অব্যাহত রয়েছে













