
সুজাউদ্দিন রুবেলঃ
টেকনাফে এক যুবককে ‘তুলে নিয়ে’ গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ এপ্রিল) রাত ৯টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন (২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুর রহিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
ওসি হাফিজুর বলেন, রাতে টেকনাফের পশ্চিম লেদা এলাকার স্থানীয় স্টেশনে এক দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ইমাম হোসেনসহ আরও কয়েকজন। একপর্যায়ে ৬-৭ জনের একটি অজ্ঞাত দুর্বৃত্তের দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরে ইমাম হোসেনকে পশ্চিম লেদার স্থানীয় এক পাহাড়ে নিয়ে গিয়ে গুলি ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ওসি বলেন, ঘটনার পর স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মৃতদেহ উদ্ধার করেছে। তার শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো নিশ্চিত নয় এবং তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলে জানান হাফিজুর।
কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো নিশ্চিত নয় এবং তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলে জানান হাফিজুর।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।













