
কক্সবাজার সদরের ঈদগাঁও’তে ঘরে সিলিংফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে খোকা মনি (১১) নামের এক শিশু মারা গেছে। বুধবার (১৯ মে) দুপুর ২টায় ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম ভাদিতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার স্থানীয় দোকানি মোহাম্মদ রফিক প্রকাশ বার্মাইয়া রফিকের মেয়ে। খোকা মনি ঈদগাহ প্রি ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী।
নিহত শিশুর মা জোবায়দা আক্তার পূর্বকোণকে বলেন, বুধবার দুপুরে বিছানার ওপর উঠে আমার মেয়ে খোকা মনি ঘর পরিষ্কার করতে ঝাড়ু দিচ্ছিল। ওই সময় তার মাথা থেকে ওড়না পড়ে যায়। পরে ওড়না ঠিক করতে গেলে ওই ওড়না চলন্ত সিলিংফ্যানের সাথে আটকে যায়। এতে সিলিংফ্যানের সাথে ঝুলতে থাকা খোকা মনি পাশের দেয়ালের সাথে প্রচণ্ড বেগে ধাক্কা খেয়ে মাথায় আঘাত লাগে। এরপর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম। পূর্বকোণকে তিনি বলেন, নিহত খোকা মনির গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের চেষ্টা চালাচ্ছেন। তবে কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এই ঘটনায় এলাকাবাসীর মনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোকমুখে ওই ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানো হয়েছে। তবে তার শরীরের আঘাত অন্য কথা বলে কি না তা ময়নাতদন্তের পর বেড়িয়ে আসবে।-পূর্বকোণ













