
রামু প্রতিনিধি:
রামু উপজেলার জোয়ারিয়ানালায় আয়েশা ছিদ্দিকা র. মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা যেন মহিলাদের মাঝে দ্বীনি শিক্ষার আলোর ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এক নবদিগন্ত উন্মোচন। জোয়ারিয়ানালার বিজ্ঞ ও চিন্তাশীল ওলামায়েকেরাম স্বচ্ছধারার এ মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠার যুগান্তকারী উদ্যোগ গ্রহন করেন। ২০১৯ সালে নবপ্রতিষ্ঠিত স্বতন্ত্র মহিলা মাদ্রাসাটি ২০২০ সালের ৯ জানুয়ারী ( বৃহস্পতিবার) এ মাদ্রাসার আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু হয়।
আল্লাহর রহমতের ওপর ভরসা করে একটি বিল্ডিং -এ অস্থায়ীভাবে শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়ে আসলেও সম্প্রতি নতুন এ দ্বীনি শিক্ষাঙ্গনের জন্য মহাসড়কের পাশেই সুপরিসর জমির ব্যবস্থা হয়ে যায়। বেশ ক’জন দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গের দানকৃত জমিতে টিনশেড করে নির্মিত হয় একটি ক্যাম্পাস। আজ সেই নতুন ও নিজস্ব ক্যাস্পাসেই আয়োজন করা হয় সুধী সমাবেশ ও দোয়া মাহফিল।
উক্ত দোয়া মাহফিলে জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে, মাদরাসার শিক্ষক তৌহিদুল ইসলাম বারেক ও পরিচালনা কমিটির সদস্য মাওলানা নুরুল আমিনের যৌথ সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল্লাহ তাজ, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুহছেন শরিফ, লাইট হাউজ দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী গোলাম কবির সওদাগর, তাতী লীগের রামু উপজেলা সভাপতি নুরুল আলম জিকু, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হাফেজ আবুল মঞ্জুর, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনছারুল হক ভুট্টো, ইঞ্জিনিয়ার মীর কাশেম, সাংবাদিক শওকত ইসলাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজহিতৈষী, শিক্ষাব্রতী, অভিভাবকমণ্ডলীসহ দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গ মহতি এ আয়োজনে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত নারী-পুরুষের সমন্বিত প্রয়াসেই গড়ে উঠতে পারে সুন্দর -সুশৃঙ্খল ও সুসংহত সমাজ সভ্যতা। কিন্তু আমাদের সমাজে নানা প্রতিকুলতায় অধিকাংশ নারী দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত। বর্তমানে নারীদের জন্য দেশব্যাপী ইসলামী শিক্ষাধারা চালু হলেও রামুতে স্বতন্ত্র একটি মহিলা মাদ্রাসার বড়ই অভাব ছিল। এমতাবস্থায় রামু জোয়ারিয়ানালায় স্বতন্ত্রধারার মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা একটি যুগান্তকারী পদক্ষেপ। এ মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্যদিয়ে যেন এতদঞ্চলে মহিলাদের মাঝে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এক নবদিগন্ত উন্মোচিত হলো।
নবপ্রতিষ্ঠিত এ দ্বীনি শিক্ষাকেন্দ্রের সার্বিক অগ্রগতির জন্য দ্বীনি শিক্ষানুরাগী সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।













