
আবুল কাশেম,রামু
রামুতে পল্লী বিদ্যুৎ কর্মীদের অবহেলায় বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে এক দিন মজুর ব্যাক্তির একটি গরু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেইট কুলাল পাড়া গ্রামের চলাচলের রাস্তায়। দুর্ঘটনা কবলিত গরুর মালিক রামু চা বাগান পাহাড়িয়া পাড়া এলাকার মৃত আজিম উদ্দিন এর পুত্র মোহাম্মদ ভুট্টো জানান, গতকাল ২০জুন রবিবার সকাল ১১টায় কুলাল পাড়া চলাচল সড়কের বৈদ্যুতিক খুটি থেকে তার ছিড়ে রাস্তার উপর পড়ে। রাস্তাটি ঐ গ্রামের মানুষের চলাচলের জন্য অতি গুরুত্বপুর্ণ হওয়ায় সাথে সাথে স্থানীয় লোকজন জোয়ারিয়ানালা পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে দ্রুত খবরটি জানান। বৈদ্যুতিক তার ছিড়ে পড়ার খবরটি জানার পরেও কতৃপক্ষ দ্রুত মেরামতের ব্যবস্থা না নেওয়ায় চলাচল পথ থেকে দুপুর দেড় টার দিকে গরু আসার সময় তারে জড়িয়ে ঘটনাস্থলে গরুটি মারা যায়। তিনি গরুটির বাজার মুল্য আনুমানিক ৮০ হাজার টাকা বলে জানান। স্থানীয় লোকজনের অভিযোগ ঘটনাস্থল থেকে আধা কিলোমিটারেরও কম দুরত্বে জোয়ারিয়ানালা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস। তারপরেও এলাকার লোকজন বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পড়ার বিষয়টি একাধিকবার তাদের নজরে আনলেও কোন ধরনের তড়িৎ ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ ইসলাম বলেন, বিদ্যুৎ অফিসের লোকজনের গাফেলতির কারনে এই ঘটনাটি সংঘটিত হলো। তারা দ্রুত ব্যাবস্থা নিলে হয়তো এধরনের ঘটনা হতোনা। এদিকে জোয়ারিয়ানালা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ আবদুল মান্নান জানান, স্থানীয়দের অভিযোগ সত্য নয়। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাইন ঠিক করে দিই এবং দুই মিনিটের মধ্যে বিদ্যুৎ বন্ধ করার ব্যাবস্থা করেছি। এদিকে সচেতন মহল মনে করেন এই ক্ষেত্রে সাধারণ কোন মানুষের প্রাণহানি হতে পারতো। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষকে সঠিক তদন্ত পুর্বক এধরনের অবহেলা জনিত কর্মকান্ডের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার দাবী জানান।













