
সিবিকে ডেস্কঃ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আবার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে আমরাও সেই ধরনের পরামর্শ দেব।
শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অনুমতি আসেনি। অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুদের করোনা আক্রান্তের হার কম।
জাহিদ মালেক বলেন, এ মাসে দুই কোটি টিকা পাওয়া যাবে। গণটিকা কার্যক্রম চলমান প্রক্রিয়া। প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে আগামী তিন মাসে। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে। যেখানে যেখানে সম্ভব সেখানে ফাইজার টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান ব্ন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও একই কথা বলেছেন। তিনি জানান, করোনা সংক্রমন কমাতেই মূলত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এসেছে। তবে ফের যদি করোনা সংক্রমণ বেড়ে যায় তাহলে যে এলাকায় করোনা সংক্রমণ বাড়বে সেই এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষামন্ত্রী বলছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কারণে কোথাও যদি সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এমনকি যদি স্থানীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এই কারণে বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই সিদ্ধান্ত নেবো।
কোনোভাবেই আমরা শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবহেলা করবো না বলেও জানান দীপু মনি।













