প্রাণ ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানে, উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থী

0
6

 

এম.এ আজিজ রাসেল:
দীর্ঘ প্রায় দেড় বছর পর অবশেষে খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। পূর্বঘোষণা মতো, আজ স্কুল-কলেজ এবং মাদ্রাসায় ফিরেছে শিক্ষার্থীরা।
কক্সবাজারের সব উপজেলায় সকাল থেকে শিক্ষার্থীরা ছুটে যায় প্রিয় ক্যাম্পাসে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বরণ করেছে শিক্ষকেরা। বহু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস আঙিনা।

রবিবার সকালে দেখা গেছে, কক্সবাজর সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোর ৭টা থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। প্রবেশ পথে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে স্কুল প্রাঙ্গণে ঢোকানো হয়। শিক্ষকেরা নিজেই স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তদারক করেছেন।

প্রায় দেড় বছর পর নিজেদের স্কুলের আঙ্গিনা দেখে অনেক শিক্ষার্থী আনন্দিত, উচ্ছ্বসিত। শিক্ষকদের দেখে তারা উদ্বেলি।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন জানিয়েছেন যথারীতি স্বাস্থ্যবিধি মেনেই সাড়ে ৭টায় স্কুল কার্যক্রম শুরু হয়।

করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ থেকে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকে প্রতিদিন সর্বোচ্চ দুইটি শ্রেণির পাঠদান অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী একটি রুটিনও প্রণয়ন করা হয়েছে। রুটিন অনুযায়ী, আজ রবিবার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সঙ্গে তৃতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।

আগেটেকনাফ ও উখিয়ার পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দু’মাদক কারবারি নিহত
পরেকক্সবাজারে ২০ পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের যৌথ প্রতিবাদ সমাবেশ