
চকরিয়া প্রতিনিধিঃ
২০ সেপ্টেম্বর হতে যাওয়া কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জিয়াবুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী।
সোমবার রাতে মারধরের অভিযোগ এনে চকরিয়া থানায় তিনি মামলাটি করেন। মামলায় স্বতন্ত্র মেয়র প্রার্থী জিয়াবুল হক ছাড়া আসামি করা হয়েছে তাঁর আত্বীয়স্বজন, কর্মী ও সমর্থককে।
মামলার আসামিরা হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জিয়াবুল হক (৪৫), তাঁর ফুফাতো ভাই মিজানুর রহমান (৪২), ভগ্নিপতি মো. দলিল (৪৩), খালাতো ভাই আবদুল কাইয়ুম (২৮), চাচাতো ভাই হাসান আল বশরী (২৮), ভগ্নিপতি মো. পারভেজ (৪০), ভাগনে মো. শোয়াইব (২৫), শিব্বির আহমদ (২৭), হুমায়ুন কবির (৫২), মো. রুবেল (৩৮), মিজানুর রহমান (২৭), আবদুল মজিদ (২৬), নুরুল আবছার (৪২), নুরুল হক (৩৫), সাদ্দাম হোসেন (২৬), মো. মিশুক (২৫) ও আবদুল জলিল (৪২)।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জিয়াবুল হকের নেতৃত্বে আসামিরা গতকাল সোমবার বেলা দেড়টার দিকে নৌকা প্রতীকের সমর্থক সবুজ চৌধুরী, রাজিব খান ও রমেশ খানকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। পরে তাঁদের বৈদ্যুতিক শক দেওয়া হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যুবায়ের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।













