
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফের গহীন পাহাড় থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত তিন যুবককে উদ্ধার করেছে র্যাব।
তারা হলেন- নোয়াখালীর হাতিয়ার আজিজুল ইসলাম ((২৪), নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার আল আমিন (২৭) ও বি-বাড়িয়ার সরাইল এলাকার মো. মুক্তার হোসেন মৃধা (২৭)।
রবিবার (২৬ সেপ্টেম্বর) নয়াপাড়াস্থ পাহাড়ের পাদদেশ থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি জানান, নির্মাণকাজ দেওয়ার কথা বলে টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে এনে গত ২৪ সেপ্টেম্বর ৩ যুবকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। বিষয়টি র্যাবকে অবহিত করেন অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মো. সায়েম। এ ঘটনায় র্যাবের একটি দল শনিবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নয়াপাড়াস্থ পাহাড়ের পাদদেশে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অন্তত ১৮ জন। পরে ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও জানান, এ ব্যাপারে ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।













