
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় মোবাইলের টাকা শেষ হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে স্ত্রীকে মারতে না পেরে ৫ মাস বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে পিতার বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার হারাবং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাড়ায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত পিতার নাম মো. এহেছান (২৬)। তিনি ওই এলাকার আলী আহমদের ছেলে এবং তিনি পেশায় একজন দিনমজুর।
দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ মাস আগে এহেছানের স্ত্রী আয়েশা বেগম জমজ শিশু সন্তান জন্ম দেয়। মঙ্গলবার সকালে স্বামীর মোবাইল থেকে স্ত্রী তার বাবার বাড়ির লোকজনের সাথে কথা বললে টাকা শেষ হয়ে যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে স্বামী এহেছান স্ত্রীকে মারতে না পেরে দোলনায় থাকা ৫ মাস বয়সী শিশুর মাথায় দা দিয়ে কোপ মারে। এতে ঘটনাস্থলে মারা যায় ওই শিশু। অপর শিশু কোলে নিয়ে মা সরে পড়ায় প্রাণে বেঁচে যায়।
হারবাং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আজহারুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইলের টাকা শেষ হওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর ঘাতক পিতা পালিয়ে গেছে। শিশুর মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।













