রামুতে নির্বাচন আচরণবিধি লংঘন: দুই চেয়ারম্যান প্রার্থী- প্রাইমারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

0
9
আল মাহমুদ ভূট্টো ঃ
নির্বাচন আচরণবিধি লংঘন করায় রশিদনগর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী শাহ আলম ও মো. হান্নান সিদ্দিকীকে এবং বিধি বহির্ভূত কাজ করায় পূর্ব নোনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
আগামী ১১ নভেম্বর রামু উপজেলার এগারটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৭৫ চেয়ারম্যান প্রার্থী, ১১২ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৪২৬ জন সাধারণ সদস্য প্রার্থী স্ব স্ব রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এগার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমন্বয়কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে রিটার্নিং অফিসারগণ একটি সুন্দর, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। সকল প্রতিদ্বন্দী প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত নির্বাচনী আচরণবিধি সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর)  বিকাল চারটার দিকে ইউনিয়ন পরিষদ সাধারন পরিষদ নির্বাচন-২০২১ এর দুই চেয়ারম্যান প্রার্থী শাহ আলম ও মো. হান্নান সিদ্দিকীর কর্মী সমর্থকরা রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায়  গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে ওই এলাকায়
শান্তি ভঙ্গ করা হয়েছে। যা ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধিমালার ১৮ এর ( গ) ও (ঘ) সুস্পষ্ট লংঘন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধিমালা লংঘনের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১ এর
রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম। ৩ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্ব শরীরে উপস্থিত হয়ে জবাব প্রদানের জন্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম এবং মো. হান্নান সিদ্দিকীকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া সরকারের রাজস্বভূক্ত একজন কর্মচারী হয়ে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অনলাইন এবং অফলাইনে প্রচারণা চালিয়ে বিধি বহির্ভূত কাজ করায় পূর্ব নোনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন রামু উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে। উক্ত শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
আগেকক্সবাজারে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা শুরু
পরেপবিত্র ঈদে মিলাদুন্নবী আজ