
টেকনাফ প্রতিনিধিঃ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণের জন্যে আবারো জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে।
সোমবার (১ নভেম্বর) সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজের একটি টিম সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জাহাজে করে সেন্টমার্টিন পরিদর্শনে যান। ফিরে এসে কক্সবাজারে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পরিদর্শন শেষে আমিন আল পারভেজ জানান, করোনা পরিস্থিতির অবনতি হলে তখন শর্তাবলী মেনে জাহাজ চলাচল চালু করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে। এর মধ্যে ক্ষতিগ্রস্থ জেটিঘাট মেরামত করে সেটা ব্যবহারযোগ্য থাকবে কিনা সে বিষয়টিসহ জাহাজগুলো চলাচলের উপযুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে খুব দ্রুতই জাহাজ চলাচল শুরু করা যাবে।
সকালে পরীক্ষামূলকভাবে কেয়ারী ডাইন এন্ড ক্রুজ জাহাজে সেন্টমার্টিন সফরকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী ও ট্যুর অপারেটর এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন।













