
সিবিকে ডেস্কঃ
মাছ শিকারকালে সেন্টমার্টিনের কাছাকাছি অবস্থান থেকে ২২ জেলেসহ বাংলাদেশি চারটি ট্রলার মিয়ানমার নৌবাহিনী আটক করে নিয়ে গেছে।
শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে দুই দফায় চারটি ট্রলার নিয়ে গেছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ।
স্থানীয় জেলেরা জানান, শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিনের বাসিন্দা মো. হোসেন তার ছেলে মো. ইউনুছ, নুরুল আমিন, মো. আজিমের মালিকাধীন চারটি মাছ ধরার ট্রলারে করে ২২ জন জেলে মাছ শিকারে যান। সকালে সেন্টমার্টিন দ্বীপের পূর্বদিকে মিয়ানমার নৌসেনারা অস্ত্রের মুখে জিম্মি করে ওই ট্রলারসহ ২২ জন জেলেকে নিয়ে যায়।
এ বিষয়ে ট্রলার মালিক মো. আজিম জানিয়েছেন, সকালে সেন্টমার্টিনের পূর্ব দিকে এপারে ঢুকে মিয়ানমার নৌসেনারা সদস্যরা তার মাছ ধরার ট্রলারটি ধরে নিয়ে যায়। ট্রলারে ৬ জন জেলে ছিল। এছাড়া আরো তিনটি ট্রলার ধরে নিয়ে গেছে। ঘটনাটি বিজিবি ও কোস্ট গার্ডকে জানিয়েছেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাটি তদন্ত করে কোস্ট গার্ড ও বিজিবি ব্যবস্থা নিবে বলে জানান তিনি।
মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই জেলেদের পরিবারে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা।













