
টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফের হ্নীলা ৬ নম্বর ওয়ার্ডের লেচুয়াপ্রাং এলাকায় ছুরিকাঘাতে আব্দুল নবী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
এসময় নুর হোছনের ছেলে আবছার উদ্দিন ও তার সহযোগী আব্দুল হকের নেতৃত্বে একটি গ্রুপ এসে আব্দুল নবীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লেদা আইএমও হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথেই উখিয়া অতিক্রম করলে আব্দুল নবী মারা যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, তারা পরস্পর আত্মীয়স্বজন। তাদের মধ্যে বসতভিটা ও জমিজমা নিয়ে মতবিরোধ ও মামলা চলছিল। দীর্ঘদিন ধরে একে অপরের ওপর হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে। এরই পরিপ্রেক্ষিতে আব্দুল নবীকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ছুরিকাঘাতে আব্দুল নবী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনার খোঁজ-খবর নেওয়া হচ্ছে।













