
টেকনাফ প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে ১২ লাখ ইয়াবা পাওয়া গেছে। এসময় ওই ট্রলার থেকে একটি বিদেশি সিএসএমজি ও ৩০ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ছেড়াদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে কোস্টগার্ড।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার নাঈমুল হক জানান, বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে সন্দেহের ভিত্তিতে একটি ট্রলারকে থামার সংকেত দিলে সেখান থেকে মাদক কারবারিরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় কোস্টগার্ড পাল্টা গুলি চালালে ওই ট্রলারের আরোহীরা সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে চলে যায়। এরপর ওই ট্রলারে তল্লাশি করে ১১ লাখ ৯৫ হাজার ৬শ’ পিস ইয়াবা, একটি বিদেশি সিএসএমজি ও ৩০ রাউন্ড গুলি জব্দ করা হয়।













