
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া মালুমঘাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ ভাই নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে আগেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়েসহ পরিবারের ৯ সদস্য মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পারিবারিক পূজা দিয়ে বাড়ি ফেরার পথে ডুলাহাজারা মালুমঘাট নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে চার ভাই অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০) গুরুতর আহত হন। অন্য ভাইয়েরাসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় আরো দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন। তিনি জানান, ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে। মরদেহগুলো খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, নিহত ৪ সহোদরের সৎকারের সব ব্যবস্থা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করা হচ্ছে।













