
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার শহরে চুরি-ছিনতাই, ধর্ষণ, ডাকাতি এবং ভাড়াটে গিয়ে আধিপত্য বিস্তার করে জমি দখলসহ নানান অপরাধ কর্মের মূলহোতা ‘ভাড়াটে সন্ত্রাসী আবছার’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে- এই সন্ত্রাসী আবছার বাহিনীর প্রধানও।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টায় কক্সবাজার পৌরসভার টেকনাইপ্যা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবছার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার রশিদ ড্রাইভারের ছেলে।
তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মারামারির চারটি, অস্ত্রের দুটি, একটি দ্রুত বিচার, দুটি দস্যুতা ও ১০টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ সর্বমোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।
গ্রেপ্তার নুরুল আবছারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ।
পুলিশ জানিয়েছে- আবছার শহরের শীর্ষ অপরাধী। ইতিমধ্যে তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। তিন মাস আগেও গ্রেপ্তার হয়ে কারাগারে যায় আবছার। কিন্তু সে জামিনে বের হয়ে এসে অপরাধ কর্মকাণ্ড চালায়। শহরের চিহ্নিত কয়েকজন অপরাধীর শেল্টারে ভাড়াটে সন্ত্রাসী হয়ে অপকর্ম করে আবছার বাহিনীর প্রধান আবছার।













