
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উখিয়ার মরিচ্যা চেকপোস্টের হীরার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক ইমাম হোসেন (৩৫) ও যাত্রী নাজির হোসেন (৬০)। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামু হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, সিএনজিচালিত অটোরিকশাটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।













