
টেকনাফ প্রতিনিধি:
মিয়ানমার থেকে আসা কাঠবোঝাই ট্রলার থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় ছয় পাচারকারীকে আটক করা হয়।
বুধবার (৯মার্চ) গভীর রাতে এই চালানটি উদ্ধার করা হয়। তবে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
আটককৃতরা হলেন— মিয়ানমারের আকিয়াব জেলার মকতু থানার আনরাই গ্রামের মৃত মুফিজুল্লাহর ছেলে মো. ইলিয়াছ(৫৫), একই এলাকার করিম উদ্দিনের ছেলে মো. করিম (২০), মো. আনুর ছেলে মো. ইমাম হোসেন(২৭), মো. আবুল কালামের ছেলে মো. শাহ আলম(৩০), মৃত জাকারিয়ার ছেলে মো. ফোরকান(২৬) ও আব্দুল করিমের ছেলে আব্দুল হাফেজ (৪০)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, নাফনদীতে নিয়মিত টহলের সময় শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় মিয়ানমার থেকে আসা কাঠবোঝাই ট্রলারটি থামানো হয়। এতে তল্লাশি করে এক কেজি আইস উদ্ধার করা হয়। এসময় ট্রলারে আসা কাঠের বৈধ কাগজপত্র না থাকায় কাঠসহ ট্রলারটি জব্দ ও ছয়জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত কাঠ ও ট্রলারটি আইন অনুযায়ী টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। আটক মিয়ানমারের ৬ নাগরিককে জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) সহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।













