
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে কলেজ ছাত্র রিদুয়ান সিদ্দিক হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে চট্টগ্রামের ডাবল মুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ( ১এপ্রিল) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছাড় টেকনাইফ্যা পাহাড় এলাকার সেলিম সওদাগরের ছেলে হেরাম আল ছোটন (২৩) ও রুমালিয়ারছড়া রশিদ আহমদের ছেলে কামাল হোসাইন (২৪)।
সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন জানান, গত ২৮ মার্চ কক্সবাজার সিটি কলেজের গেইটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র ও ওই এলাকার বাসিন্দা মো. রিদুয়ান সিদ্দিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পৃথক অভিযানে র্যাব মামলার এজাহারভুক্ত আসামি হেরাম আল ছোটন ও কামাল হোসাইনকে নগরের মনসুরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় রক্তের দাগ লেগে থাকা একটি টিশার্ট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের কক্সবাজার সদর মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করা হবে।













