
মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীতে ইয়াবাসহ আলতাফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে এলাকার লোকজন ইয়াবা বিক্রির বিষয়টি পুলিশকে জানালে পুলিশ উপজেলার মৌলভীকাটা গ্রামে অভিযান চালায়। এসময় আলতাফ হোসেনের বাড়ি থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
প্রচার আছে, আটককৃত আলতাফ হোসেন নিজেকে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে প্রচার করতেন। এছাড়া তিনি মৌলভীকাটা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন।
তবে শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বিষয়টি অস্বীকার করে জানান, আলতাফ হোসেন ওয়ার্ড আওয়ামীলীগের কেউ নয়।
এদিকে, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশিক ইকবাল জানান, গতরাতে ইয়াবাসহ একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।













