
সিবিকে:
কক্সবাজারের রামু বাইপাস এলাকা থেকে তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় পাচারকালে ৩৯ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার জহির (৩০) চট্টগ্রামের লোহাগাড়ার কাউয়ারখিল গুইড়াপাড়ার আব্দুস সালামের ছেলে।
মঙ্গলবার (২৪ মে) রাত ১২টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম। তিনি বলেন, গোয়েন্দা তথ্যে খবর আসে মাদক কারবারিরা অভিনব কায়দায় গাড়ির তেলের ট্যাংকে ভরে ইয়াবার চালান পাচার করছে। এমন তথ্যের ভিত্তিতে রামু-মরিচা সড়কের খুনিয়াপালং এলাকায় চেকপোস্ট বসানো হয়। মঙ্গলবার রাত ১১টায় একটি পিকআপ জব্দ করা হয়। ডিবি পুলিশ পিকআপে থাকা চালক জহিরকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে চালক জহির স্বীকার করে পিকআপের তেলের ট্যাংকিতে ইয়াবা রয়েছে।
ওসি আরও জানান, গাড়িটি রামু বাইপাস এলাকায় এনে স্থানীয় একটি ওয়ার্কশপের মেকানিকের সহায়তায় তেলের ট্যাংকি খুলে রাত ১টায় ইয়াবা ভর্তি ৬০টি সরিষার তেলের বোতল বের করা হয়। এসব বোতলে পাওয়া যায় ৩৯ হাজার ইয়াবা।













