
সংবাদ বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত বিষয় ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং গ্রন্থ প্রকাশ হচ্ছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের প্রেরণার চিরন্তন উৎস। তাই বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংএ খেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. তাপস রক্ষিত, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও শব্দায়নের পরিচালক আবৃত্তি শিল্পী জসিম উদ্দিন বকুল।
এর আগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।













