
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (১৯) এবং তার দুই মাস বয়সী ছেলে মো. আসওয়াত।
হোয়াইক্যং ফাঁড়ির উপ-পরিদর্শক জাহেদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে টেকনাফ হোয়াইক্যং লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশাকে একই দিক থেকে আসা বালুবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পালংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক এক নারী ও তার শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।













