
সোয়েব সাঈদ:
কক্সবাজারের রামুতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত লোহার দরজা ভেঙ্গে প্রতিটি কক্ষের আসবাবপত্রেরর তালা ভাংচুর করে ১৮ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ টাকা সহ মালামাল লুট করেছ ।
শনিবার, ২৪ সেপ্টেম্বর রাত আটটার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভরাছরাকুল গ্রামের সৌদি প্রবাসী মৌলভী জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান।
গৃহকর্তা মৌলভী জাহাঙ্গীর আলম জানিয়েছেন – তিনি ব্যক্তিগত কাজের জন্য পাশ্ববর্তী ঈদগাঁও উপজেলায় গিয়েছিলেন। একই সময়ে তার ২ মেয়েকে নিয়ে রামু সদরে চিকিৎসকের কাছে যান তার স্ত্রী হাসিনা আকতার। তাদের ফিরতে দেরী হওয়ায় বাড়িতে থাকা তার ৮/১০ বছর বয়সী ২ ছেলে-মেয়ে পাশ্ববর্তী ভাইয়ের বাড়িতে গিয়ে সময় পার করছিলো। এ সুযোগে রাত আটটার দিকে ডাকাতদল তার বাড়ির লোহার দরজা ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির সবকটি কক্ষে ব্যাপক ভাংচুর চালিয়ে ১৮ ভরি স্বর্নালংকার, ৪ লাখ টাকা সহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়।

মৌলভী জাহাঙ্গীর আলম আরো জানান- ৭ দিন আগে তিনি সৌদি আরব থেকে ফিরেছেন। তাকে দেখার জন্য মেঝ মেয়েও বাড়িতে এসেছে। লুট হওয়ার স্বর্ণের মধ্যে ১২ ভরি মেঝ মেয়ের।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোছন জানান- বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে এ ডাকাতির ঘটনা ঘটে। তাঁর ধারনা- স্থানীয় অনেকে এ ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে।
ঘটনাস্থলে আসা রামু থানার এসআই মো. মঞ্জু জানিয়েছেন – এ নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে
উল্লেখ্য যে, গত এক সপ্তাহের ব্যবধানে রামুর রশিদনগর,উখিয়ারঘোনা সহ বেশ কয়েকটি স্থানে ডাকাতি সহ জোয়ারিয়ানালায় একটি অপহরণের ঘটনাও ঘটেছে বলে জানা যায়।













