
এম.এ আজিজ রাসেল:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মোস্তাক আহমদ চৌধুরী শ্রদ্ধেয় সর্বজন নেতা। তাঁকে প্রধানমন্ত্রী খুবই শ্রদ্ধা করেন। তিনি তিন বারের সাংসদ। তাঁকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। তাই তাঁকে ভোট না দেওয়া মানে প্রধানমন্ত্রীর মনে আঘাত দেওয়ার সামিল। যারা ভোট দেবেন না, তা জানা যাবে। আর যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে দল।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৮টায় একটি তারকা মানের হোটেলে জেলা পরিষদের ভোটার ও আওয়ামী লীগের বিভিন্ন উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রণজিত দাশ, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক সাংসদ আবদুর রহমান বদি, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামসহ জেলার ৭১ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, ৮ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ৪ পৌরসভার মেয়র, কাউন্সিলররা উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ আগামী ১৭ অক্টোবর ইভিএমের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।













