
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হত্যাকাণ্ডের ঘটনা থামছেই না। দুয়েক দিন পরপর নির্বিচারের সাধারণ রোহিঙ্গাদের হত্যা করেই যাচ্ছে সন্ত্রাসীরা। এই মধ্যে আরও দুই রোহিঙ্গা যুবককে গুলি করে মারার ঘটনা ঘটেছে ক্যাম্পে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার বালুখালী ইরানী পাহাড়ের ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। তারা উভয়ই ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, অজ্ঞাত কিছু রোহিঙ্গা দুর্বৃত্ত এসে দুই যুবকের দিকে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে একজন ঘটনাস্থলে নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা।
১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, দুষ্কৃতকারীরা অধিপত্য বিস্তার করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ সব তাদের অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে। মাদকপাচার ও অস্ত্রপাচারে বাধা দেওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে হত্যাকাণ্ড চালাচ্ছে দুষ্কৃতকারীরা। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে ।













