বাঁকখালী নদীর বুকে উড়ছে ব্রাজিলের পতাকা

0
11

 

কক্সবাজার খবর রিপোর্ট:

আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপের দিন যথই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের প্রতি সমর্থকেরা নিজেদের সমর্থন- ভালবাসা প্রকাশ করছে নানান আঙ্গিকে। তেমনি কক্সবাজারের রামুর এক ব্রাজিল প্রেমিক বাঁকখালী নদীর বুকে ১২০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা টাঙ্গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়া গ্রামের ছোটন বড়ুয়া নামে এই ব্রাজিল সমর্থক পতাকা তুলেছে বলে জানা গেছে। তিনি পেশায় একজন বাদাম ও গজা বিক্রেতা।

বাঁকখালীর বুকে এমন ভিন্নধর্মী আয়োজনে রামুর বিভিন্ন জায়গা থেকে এই পতাকা দেখতে আসছেন ব্রাজিল সমর্থকেরা।

ছোটন বড়ুয়া জানান, ফুটবলের রাজা পেলের ইতিহাস এবং রোনাল্ডো ও রোনালদিনহো শৈল্পিক খেলা তাকে আকৃষ্ট করেছে। তার মতে ব্রাজিল হচ্ছে ফুটবলের সৌন্দর্য। সৃষ্টিশীল, ছন্দময় ও নান্দনিক ফুটবলের জন্য ব্রাজিলই সেরা। এবারের  বিশ্বকাপ ব্রাজিল জিতবে বলেও অভিব্যক্তি প্রকাশ করেন এই ব্রাজিল প্রেমিক।

এদিকে বাঁকখালী নদীর তীরে ব্রাজিলের পতাকা দেখতে আসা আরিফুল ইসলাম জানান, ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ব্রাজিল সহ অন্যান্য দলের সমর্থকদের মাঝে পতাকা টাঙ্গানোর প্রতিযোগীতা শুরু হয়েছে। বাঁকখালী কক্সবাজারের প্রধান নদী, এই নদীর বুকে ব্রাজিলের পতাকা একটি ভিন্নধর্মী উপস্থাপন বলে জানান।

 

আগেকক্সবাজারে পাহাড় কেটে সাবাড় ১০তলা বিল্ডিং নির্মাণ!
পরেপাকিস্তানকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড