
নিজস্ব প্রতিবেদকঃ
বৈঠকেও আদালত বর্জন সংকট নিরসনে কোন সুরাহা না হওয়ায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত বর্জন অব্যাহত রেখেছে আইনজীবীরা।
রবিবার (২৭ নভেম্বর) সকাল থেকে এ বর্জন কর্মসূচী শুরু হয়েছে।
গত শনিবার (২৬ নভেম্বর) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত রোববার থেকে অনির্দিষ্ঠকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল। মূলত আইনজীবীদের সম্পর্কে জেলা ও দায়রা জজের কুরুচিপূর্ণ মন্তব্য, বেশ ক’জন আইনজীবীর সাথে দুর্ব্যবহার, অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা, অনিয়মসহ বিভিন্ন অভিযোগের উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিয়েছিলেন আইনজীবীরা।
এদিকে আজ সকাল ১১টার দিকে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের সাথে তার খাস কামরায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সাথে বর্জন সংক্রান্ত সংকট নিরসনে এক বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে কোন সুরাহা হয় নি।
বৈঠক শেষে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল জানান,সমিতির সিদ্ধান্তের বিষয়ে জেলা ও দায়রা জজ মহোদয়কে অবহিত করা হয়েছে। আদালত বর্জনের সিদ্ধান্ত সমিতির সাধারণ সভায় নেওয়া হয়েছে। একই বিষয়ে ভিন্ন কোন সিদ্ধান্ত নিতে হলে সমিতির অনুরূপ সাধারণ সভা ডেকে সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে আইনজীবিরা আদালত বর্জন করায় বিচার প্রার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে বহু বিচার প্রার্থী দূরদূরান্ত থেকে এসে ফিরে গেছেন। এই বর্জন কর্মসূচীর কারণে অন্যান্য আদালতেও কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।













