
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে টাকার জন্য ইয়াবা কারবারিদের হাতে হুমায়ূন রশিদ প্রকাশ সুমন নামে আরেক ইয়াবা কারবারি খুন হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন জহিরুল ইসলাম নামে আরেক যুবক।
শুক্রবার (৯ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপির মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পালবাড়ির হাসিবুর রহমানের ছেলে।
আহত জহির লক্ষীপুরের এনজু মিয়ার ছেলে। তারা দুজন মিলে টেকনাফে ইয়াবা কিনতে এসেছিলেন বলে জানা গেছে।
আহত জহিরুল ইসলাম বলেন, নিহতের সাথে কারাগারে তার পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্বের সম্পর্ক। জামিনে বের হয়ে যোগাযোগ করে তারা কক্সবাজারে বেড়াতে আসেন। কক্সবাজার থেকে বেড়াতে যান টেকনাফের হ্নীলার ইয়াবা ব্যবসায়ী ফয়সাল, রাসেল ও ইবরাহীমের বাসায়।
তিনি বলেন, হ্নীলায় আসার পর জানতে পারি হুমায়ূনের সাথে ফয়সাল, রাসেল ও ইবরাহীমের ইয়াবার লেনদেন রয়েছে। এ কারণে হুমায়ুনকে আটকে রেখে লোহার রড় ও হাতুড়ি দিয়ে মারধর করতে থাকেন। এরআগে মাদক কারবারিদের ৩ লাখ টাকা দিয়েছিলো হুমায়ুন। তারপরেও ইয়াবা ব্যবসায়ী ইবরাহীম গ্যাংদের হাতে খুনের শিকার।
নিহত হুমায়ুনের স্ত্রী শাহেনা আক্তার মিথিলা বলেন, আমার স্বামী আর জহিরুল টেকনাফ যাওয়ার সময় তারা ৩ লাখ টাকাও নিয়ে গেছেন বলে আমাকে জানিয়েছিলো। তারা (ইবরাহীমরা) আমাকে বারবার ফোনে বলেছিল টাকা না দিলে মেরে ফেলবে। আমি তাদের কথা বিশ্বাস করিনি। কিন্তু তারা সত্যি সত্যিই আমার স্বামীকে মেরে ফেলেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মৃত অবস্থায় হুমায়ুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে আহত যুবক অনেক তথ্য জানিয়েছেন। আমরা তার বক্তব্য যাচাই বাছাই করে দেখছি।













