
হাসান তারেক মুকিম,রামু
অবশেষে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি ও ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টোর ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। রামু উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাহমিদা মুস্তফা ও রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইনের আন্তরিক প্রচেষ্টায় এ ভুল বুঝাবুঝির অবসান হয়।
জানা যায় শুক্রবার সকাল ১১টায় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো সহ ইউএনও ও ওসি প্রথমে আফসানা জেসমিন পপির বাসভবনে যান। পরবর্তীতে আফসানা জেসমিন পপি সহ তারা সিরাজুল ইসলাম ভূট্টোর বাসভবনে যান। এসময় উপস্থিত সকলের মাঝে একটি আন্তরিক ও আবেগময় মুহুর্তের অবতরণ হয়।
এসময় আফসানা জেসমিন পপি ও সিরাজুল ইসলাম ভূট্টো একজন আরেকজনকে ভাই বোন সম্বোধন করে তারা উভয়ে ঐ দিনের অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এবং বিগত দিনের সমস্ত দ্বন্দ্ব ও মান অভিমান ভুলে অতিতের ন্যায় তাদের মাঝে সু-সম্পর্ক অক্ষুন্ন থাকবে বলে ইউএনও-ওসির কাছে প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে ইউএনও ও ওসির মধ্যস্থতায় স্বল্প সময়ের মধ্যেই সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান হওয়ায় সচেতন মহলের প্রশংসায় ভাসছেন প্রশাসনের এ কর্তাব্যক্তি গণ।
রামু উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাহমিদা মুস্তফা ও রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, চলার পথে মানুষের মাঝে নানা বিষয়ে ভুল বুঝাবুঝি যেমন থাকবে তেমনি সমাধানও আছে। জনপ্রতিনিধিদের মাঝে দ্বন্দ্ব বিদ্যমান থাকলে পরিষদীয় কার্যক্রম বাধাগ্রস্থ হয়। এতে স্থানীয় জনসাধারনই মুলত ক্ষতিগ্রস্থ হয়। সেদিক বিবেচনা করে আমরা আমাদের অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করেছি বিষয়টি সমাধানের। অবশেষে তাদেরকে একত্রিত করে একটি অনভিপ্রেত ঘটনার সফল পরিসমাপ্তি হয়েছে বলে জানান।
এদিকে বিষয়টিকে ইতিবাচক জানিয়ে ইউএনও ও ওসিকে সাধুবাদ জানিয়েছে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার রামু উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ভিজিডির তালিকা নিয়ে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি ও ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টোর মাঝে বাকবিতন্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছিল। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে ইউএনও ও ওসির মধ্যস্থতায় উক্ত ঘটনার সুষ্ঠু সমাধান হল।













