
হাসান তারেক মুকিম:
কক্সবাজারের রামুতে বালি, মাটি, পেরেক, সুতো, চা-পাতা ও ক্যাসেটের ফিতাতেই ফুটে উঠেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আলোচনা সভা ও বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেন। উপজেলা প্রাঙ্গনে আয়োজিত প্রদর্শনীতে রামুর তরুণ চিত্রশিল্পী সাজ্জাদ হোসেন সাঈদ সমুদ্রের বালি,পেরেক, কাদা মাটি, সুতো চা-পাতা ও ৭ই মার্চের রেকর্ডকৃত ক্যাসেটের ফিতা ব্যবহার করে ক্যানভাসের উপর ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধুর জীবন্ত অবয়ব। তার এই সৃষ্টিশীল ও আলাদা বৈশিষ্টমন্ডিত চিত্রশৈলী সকলের কাছে প্রশংসিত হয়েছে।

চিত্রশিল্পী সাজ্জাদ হোসেন সাঈদ জানান, চিত্রকর্মের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, সংগ্রাম ও ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে তার এই পথচলা। এসব চিত্রকর্ম দেখে তরুণদের আগ্রহ বাড়বে বঙ্গবন্ধু সম্পর্কে জানার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি সত্যিকার অর্থে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ভাষণের মধ্য দিয়েই বাঙ্গালী জাতির বিজয়। তিনি আরো বলেন, সাজ্জাদ হোসেন সাঈদদের মত তরুন চিত্রশিল্পীদের জাতির পিতাকে নিয়ে এসমস্ত সৃষ্টিশীল চিত্রকর্ম নিঃসন্দেহে তরুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর নীতি আদর্শকে ধারন করতে অনুপ্রাণিত করবে।

আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনীতে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, রামু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নোভেল কুমার বড়ুয়া,রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমেন বড়ুয়া,রামু উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার রনধীর বড়ুয়া, উপজেলা প্রকৌশলী মনজুর আহসান ভূইয়া,সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, মাস্টার সুমত বড়ুয়া সহ প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।













