
নিজস্ব প্রতিবেদক, রামু
রামুুর অগ্রযাত্রায় ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে ধারণ করে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘রামু উৎসব। গত শুক্রবার (১০ মার্চ) ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ নিউ ভিশন ইকো রিসোর্টে ঢাকাস্থ রামুবাসীদের বর্ণাঢ্য এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। গুণিজন সম্মাননা, স্মৃতিচারণ, প্রকাশনার মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান, র্যাফেল ড্র, শিশুতোষ অনুষ্ঠান, মেজবানে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে রামু-কক্সবাজারের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বেলুন উড়িয়ে রামু উৎসব ২০২৩ উদ্বোধন করেন, জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদা।
রামু উৎসবে গুণিজন বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শিরিন আকতার, রামু উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর ও রামু সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদকে রামু-কক্সবাজারের কল্যাণ ও দেশের অগ্রযাত্রায় অবদান রাখায় আজীবন সম্মাননা ‘রামু সমিতি সম্মাননা ২০২৩’ প্রদান করা হয়।
ঢাকাস্থ ‘রামু সমিতি’র সভাপতি মাফরুহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, সাবেক সিনিয়র সচিব ও কক্সবাজার সমিতির সভাপতি হেলালুদ্দীন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শিরীণ আখতার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্ণেল (অব.) ফোরকান আহমেদ, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সহিদুজ্জামান, সাবেক সচিব আমম নাসির উদ্দিন, ব্যারিস্টার মিজান সাইদ, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া প্রমুখ। তাঁদের প্রত্যেকের বক্তব্যে রামুর ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনা অংকিত হয়েছে।
রামু উৎসব ২০২৩ আহবায়ক মোমিনুর রশিদ আমিনের সূচনা বক্তৃতায় অনুষ্ঠিত রামু উৎসবে বক্তৃতা করেন, জাতীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর আতাউর রহমান, রামু সমিতির সাধারণ সম্পাদদ সাইমুল আলম চৌধুরী, প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম, মোহাম্মদ ইলিয়াছ ও খুরশেদ আলম।
সম্মাননা পেয়ে আবেগময় হয়ে পড়েন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শিরীণ আখতার। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রামু সমিতির পক্ষ হতে এই সম্মাননা তাঁর জীবনের অন্যতম প্রাপ্তি। তিনি রামুর প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য সংরক্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, রামু সমিতির সহ-সভাপতি সুজন শর্মা ও সাংগঠনিক সম্পাদক মোহিব্বুবুল মোক্তাদীর তানিম। সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র পরিচালনা করেন, বিজন শর্মা ও রবীন্দ্র শ্রী বড়ুয়া। উৎসবে মেজবানি ভোজ সমন্বয়ে ছিলেন, সাজেদুল আলম মুরাদ।













