রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের প্রতিনিধি দল টেকনাফে

0
6

টেকনাফ প্রতিনিধি:

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে আলোচনা করতে মিয়ানমারের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ থেকে ২২ সদস্যের প্রতিনিধি দলটি টেকনাফের জালিয়াপাড়া জেটি ঘাটে পৌঁছায়।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল তাদের স্বাগত জানান। এরপর প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে টেকনাফের কেরুনতলীস্থ প্রত্যাবাসন ঘাটে যান। সেখানে দুই পক্ষের বৈঠক শুরু হয়।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কোনো কথা বলেননি। তবে জানা গেছে, বৈঠকটি মূলত মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই নিয়ে। বাংলাদেশের পাঠানো তালিকা থেকে মিয়ানমার যেসব রোহিঙ্গাকে তাদের নাগরিক হিসেবে যাচাই-বাছাই করে ফিরতি তালিকা দিয়েছিল- তা নিয়ে দুই দেশের এই বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে মিয়ানমারের যাচাই করা তালিকায় অনেক রোহিঙ্গা দম্পতির পরিবারেই নতুন করে সন্তান জন্ম নিয়েছে। এর সত্যতাও যাচাই করা হবে।

শরণার্থী বিষয়ক কমিশনের সূত্র থেকে জানা গেছে, তালিকার বিষয়টির বাইরেও পুরো প্রত্যাবাসন প্রক্রিয়াটির রুট ম্যাপ নিয়ে আলোচনা হতে পারে।

শরণার্থী কমিশনের দাবি, মিয়ানমারকে ৮ লাখ ৩০ হাজারের মতো রোহিঙ্গার তালিকা দিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে মাত্র ৬০ হাজারের মতো। তালিকা ধরে এর আগেও দুবার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও রোহিঙ্গাদের আপত্তিতে তা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমার সরকারের নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা উখিয়া টেকনাফের ৩৩টি ক্যাম্প ও নোয়াখালীর ভাসানচরে আশ্রিত আছেন।

আগেচকরিয়ায় গ্রীণ লাইনের ধাক্কায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরেরোহিঙ্গাক্যাম্পে এবার স্বেচ্ছাসেবককে গু*লি করে হ*ত্যা