
নিজস্ব প্রতিনিধি:
রামুতে পচা গরুর মাংস বিক্রির দায়ে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ২ মে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রামু চৌমুহনীস্থ কাঁচা বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
অভিযুক্ত কসাই নুরুল ইসলাম উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পুর্ব মেরংলোয়া গ্রামের ফজল কবিরের পুত্র। তার বিরুদ্ধে অসুস্থ, পচা ও মৃত মরুর মাংস বিক্রির অভিযোগ এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত নুরুল ইসলাম।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাই নুরুল ইসলামকে অর্থদন্ড প্রদান করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে জব্দ কৃত পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। কসাই নুরুল ইসলামের মাংসের দোকানে মৃত ও পচা গরুর মাংস বিক্রির অভিযোগ অনেক আগে থেকেই বলেও জানান এ ইউপি সদস্য।
নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, পচা মাংস বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী নুরুল ইসলামকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
এদিকে বারবার এমন ঘটনায় ক্রেতা-জনসাধারনের মনে নানান প্রশ্নের উদ্ভব হচ্ছে। সম্প্রতি উখিয়ার মরিচ্যা বাজার থেকে গরু বলে ঘোড়ার মাংস বিক্রির দায়ে আটক করা হয় মাবু নামের এক কসাইকে।













