
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুর বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়া পরলোকগমন করেছেন। আজ শুক্রবার ভোর রাত ৪টায় কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন এই মুক্তিযোদ্ধা।
তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জানা গেছে, তৎকালীন ভারতের ত্রিপুরা হরিণা ইউত ক্যম্পে তিনি দীর্ঘদিন গেরিলা প্রশিক্ষণ শেষে প্রিয় মাতৃভূমি রক্ষার যুদ্ধে অংশ নেন।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর খবরে সকালে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। এসময় স্বাধীন বাংলাদেশের পতাকা বীর মুক্তিযোদ্ধার গায়ে জড়িয়ে দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়ার মৃত্যুর খবর পাওয়ার পর পরই এক পলক দেখতে ছুটে আসেন বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
পরিবারের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেল চারটায় স্থানীয় শ্বশান প্রাঙ্গণে দাহ করে এই বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায় জানানো হয়।













