
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, কক্সবাজার সদরের পোকখালীর বাসিন্দা মাওলানা নুরুল আমিন রহ. আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ২ টা ৫৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি মমতাময়ী মা, স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। আগামীকাল জুমাবার (২৪ নভেম্বর) সকাল ৯ টায় পশ্চিম পোকখালীতে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
মেধাবী এ আলেমেদ্বীন ২০১৭ সালে রামু জামেয়াতুল উলুম মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করে প্রায় ৭ বছরকাল নিষ্ঠার সাথে শিক্ষকতার খেদমত আঞ্জাম দেন। ইতিপূর্বে তিনি জামেয়া দারুল উলুম চাকমারকুল, মাছুয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করে ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সেই সাথে তিনি দক্ষিণ মিঠাছড়ি চাইল্যাতলী রশিদিয়া আজিজুল উলুম মাদ্রাসা জামে মসজিদে দীর্ঘ ১০ বছর যাবৎ খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দক্ষিণ মিঠাছড়ির এক মসজিদে খতিবের দায়িত্ব পালন করছিলেন।
মাওলানা নুরুল আমিন রহ. ছিলেন একজন বিজ্ঞ আলেমেদ্বীন, আদর্শ শিক্ষক ও প্রাণবন্ত মানুষ। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্র, অনুরাগীসহ দ্বীনি মহলে শোকের ছায়া নেমে এসেছে।













