প্রেস বিজ্ঞপ্তিঃ
মহানবী হযরত মুহাম্মদ স. এর বাগ্মিতা ও অলঙ্কারপূর্ণ বাণী সমূহই সূস্থধারার সাহিত্যের অনন্ত উৎস। কাব্য সাহিত্যেও রয়েছে রাসুলুল্লাহ স. এর প্রেরণা -অনুপ্রেরণার অনুপম নিদর্শন। রাসুলুল্লাহ স. সাহাবায়েকেরাম র. এর কাব্য চর্চাকে উৎসাহিত করতেন। এমনকি বিভিন্ন সময় কবি সাহাবীগনকে পুরস্কৃতও করতেন। হযরত হাসসান বিন সাবিত র. রাসুলুল্লাহ স. এর সভাকবি হিসেবে সমাদৃত। রাসুলুল্লাহ স. এর প্রেরণায় কবি সাহাবীগন তাঁদের কাব্য প্রতিভাকে অরুচিকর সাহিত্যের মোকাবিলা ও ইসলামের সৌন্দর্য প্রকাশে প্রয়োগ করতেন। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী সাহিত্যের সৌরভ ছড়িয়ে দিতে হবে। রামু লেখক ফোরামের উদ্যোগে “কাব্য সাহিত্যে রাসুলুল্লাহ স. এর প্রেরণা” শীর্ষক এক সাহিত্য আসরে আলোচকেরা এ কথা বলেন। হিজরী নববর্ষের প্রথম দিনেই ( পহেলা মুহাররম, ১ সেপ্টেম্বর, রবিবার) বাদে মাগরিব রামু বাইপাসস্থ মজিদিয়া কমপ্লেক্সে বিষয়ভিত্তিক সাপ্তাহিক সাহিত্য আসর আয়োজনের শুভ সূচনার মধ্যদিয়ে নবতর পথচলা শুরু করলো করে আদর্শ কলম সৈনিকদের এ সংগঠন। সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে সাহিত্য আসরে অতিথি হিসেবে আলোচনা করেন, তরুণ আলেমেদ্বীন ও শিক্ষক মাওলানা মুহাম্মদ হাসান ও মাওলানা আব্দুল মান্নান। সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সরওয়ারের সঞ্চালনায় এ সাহিত্য আসরে নির্ধারিত বিষয়ে গঠনমূলক আলোচনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, প্রকাশনা ও গবেষণা সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ছড়াকার ওমর ফারুক মাসুম, নবীন লিখিয়ে মুহাম্মদ অলি উল্লাহ প্রমুখ। আসরে স্বরচিত কবিতাও আবৃত্তি করেন সদস্যরা।













