এম.জিয়াবুল হক :
আগুনে পুড়ে গেছে অনেকের বসত-ঘর, আবার চলতি বর্ষা মৌসুমে অব্যাহত ভারী বর্ষণে ভেঙ্গে গেছে কারো কারো বসতি। অনেকে আছেন অভাব অনটনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সেখানে বসতঘরটি সংস্কার করতে হাতে নেই কোন টাকা-পয়সা। এতসব সমস্যার বেড়াজালে আবদ্ধ পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নের অন্তত ৫২টি পরিবার। যাদের বেশিরভাগ পরিবারে লবণ আনতে পান্তা পুরিয়ে যাবার অবস্থা। উপজেলা প্রশাসনের কল্যাণে অবশেষে ৫২টি গরীব ও অভাবগ্রস্থ পরিবারের নারী-পুরুষের মনে জমে থাকা শতজনমের দু:খ ঘুচালো এবার চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। গতকাল সোমবার বিকালে পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অভাবগ্রস্থ এসব পরিবারের নারী-পুরুষের হাতে তুলে দিয়েছেন নগদ টাকা ও বসতঘর নির্মাণে ঢেউটিন।
বিষয়টি নিশ্চিত করেছেন এমপি জাফর আলমের একান্ত সচিব অ্যাডভোকেট আমিন চৌধুরী। তিনি বলেন, সোমবার বিকালে পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এমপি জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভাবগ্রস্থ ৫২টি পরিবারের নারী-পুরুষের হাতে নগদ টাকা ও বসতঘর নির্মাণে ঢেউটিন তুলে দিয়েছেন। প্রতি পরিবারকে দুই বাÐিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ১০৪ বাÐিল ঢেউটিন এবং নগদ ৩ লাখ ১২ হাজার টাকা বিতরণ করেন এমপি জাফর আলম।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব-উল আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উন্মে কুলছুম মিনু, পেকুয়া থানার নবাগত ওসি মো.কামরুল আজম, পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর প্রমুখ। অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যান, মেম্বার, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













