
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-BG022 অবতরণের পর ৫ কেজি ৮০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে কাস্টম হাউস।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, কাস্টম হাউসের কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৮ এ সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করা মাসকাট থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-BG022 এর সিট নং-২২সি এর নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ৫ কেজি ৮০০ গ্রাম। আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে কাস্টম কর্তৃপক্ষ জানায়।











