টেকনাফে সেতুর নিচ থেকে রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার

0
3

টেকনাফ প্রতিনিধি : 

টেকনাফে মোহাম্মদ হাসান (৩২) নামে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

শুক্রবার রাত নয়টার দিকে টেকনাফ – কক্সবাজার আঞ্চলিক সড়কের উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার ১৪ নম্বর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে । পুলিশ সূত্র জানায়, রাতে কয়েকজন কাঠুরিয়া ওই এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত অবস্থায় মোহাম্মদ হাসান নামে একজনের মৃতদেহ উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক শোভন দাস বলেন, রাত সোয়া নয়টার দিকে পুলিশ এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন । তার শরীরে বিভিন্ন জায়গায় একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে । হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া এলাকার একটি সেতুর নিচ থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের বিবাদমান দুই পক্ষের ঘটনায় ছুরিকাঘাতে করে তাকে হত্যা করা হয়েছে ।

আগেজাপা নেতা রুহুল আমিন সিকদার আইসিইউতে
পরেদৃশ্যমান হচ্ছে নতুন মাতামুহুরী সেতুঃ এমপি জাফর