টেকনাফ প্রতিনিধিঃ
ইপসা-টেকনাফ আস্থা প্রকল্পের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পক্ষকালব্যাপী নারী নির্যাতন বিরোধী ক্যাম্পেইন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে নারী নির্যাতন বিরোধী ১৬ দিন কর্মসূচী-২০১৯ (অরেঞ্জ ক্যাম্পেইন) উপলক্ষে অনুষ্টিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। র্যালী এবং আলোচনা সভায় মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেনসহ উপস্থিত ছিলেন উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বারসহ, সাংবাদিক, সমাজসেবা ও নারী কর্মকর্তা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান, ও ইউএনএফপিএ প্রতিনিধিগণ।
সভায় ইপসা আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মোঃ জসিম উদ্দিন লিখিত প্রতিবেদন পাঠ করার পাশাপাশি আস্থা প্রকল্পের সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং উন্মুক্ত আলোচনা করেন। এতে উপজেলা মহিলা বিষয়ক কমর্র্কতা মোঃ শওকত হোসেন বলেন, নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাদের মতে এটা খুবই লজ্জ্বার যে সমাজ এখনো সকল স্তরে সমাদৃত থাকা সত্বেও এ ধরনের নির্যাতন ও অনাচার থেকে সমাজকে মুক্ত করতে পারছেন না। তারা অভিমত পোষন করেন যে তারা সকলে মিলে চেষ্টা করলে অনেকটা কমে আসবে। উপস্থিত মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, সমাজ থেকে যে কোন ধরণের নির্যাতন নির্মূল করতে এনজিও এবং এনএনপিসি সদস্যদের ভুমিকা রাখতে হবে। তিনি নারী নির্যাতন এর মূল কারণ গুলো খুজে বের করে তা নিয়ে কাজ করবার উপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত সদস্যরাও সহমত পোষণ করে বলেন, আমরা সভা সেমিনারে মানুষের সাথে কাজ করার সময় ধর্মীয় দিক তুলে ধরে বোঝাতে পারি তাহলে নারী নির্যাতন বন্ধ হবে। ইউএনএফপিএ প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন নারী নির্যাতন পক্ষ পালনের তাৎপর্য তুলে ধরে সবাই কে জানান যে তার সংস্থা নারী নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিন কাজ করে আসছে এবং আগামীতেও করতে থাকবে। সভাপতি প্রথমেই এরকম ব্যতিক্রমধর্মী এবং চমৎকার একটা প্রোগ্রাম আয়োজনের জন্য ইপসা, আইন ও শালিস কেন্দ্র এবং ইউ,এন,এফপিএ-কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সমাজ এনএনপিসি সদস্যদের কথা বিশ্বাস করে এবং মানতে চায়। অতএব তাদের কথার গুরুত্ব আছে। সুতরাং আমাদের এনএনপিসি’র সদস্যরা সচেষ্ট থাকলে অবশ্যই সমাজ থেকে নারী নির্যাতন দূর করা যাবে। সভা সঞ্চালনা করেন টেকনাফ উপজেলার এসএমও মনিরুল আলম ও সিএম সাকিয়াতুল কাউসার। উল্লেখ্য যে আস্থা প্রকল্পটি ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের কারিগরি সহযোগিতায়, বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, ইপসা কক্সবাজার জেলার তিনটি উপজেলায় বাস্তবায়নে কাজ করছে।