
খাঁন মাহমুদ আইউব :
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই-শ্বাশুড়ী নিহত ও শ্যালক আহত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া (ধুমপ্রাং বিল) এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের ধুমপ্রাং বিল এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়ার (৩২) সাথে মৃত নবী হোসেন উরফে নুর হোসেনের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মাদকাসক্ত হয়ে পড়লে স্ত্রী তাকে তালাক দেয় এবং পিতার বাড়িতে অবস্থান করতে থাকে। বৃহস্পতিবার দুপুরে সোনামিয়া মাতাল অবস্থায় গিয়ে শাশুর বাড়ীর লোক জনের সাথে কলহে জড়িয়ে পড়ে। কলহের একপর্যায়ে শালক জাকির ও শাশুরী তাহামিনা সোনামিয়াকে মারধর করে। এতে সোনামিয়া ক্ষিপ্ত হয়ে শাশুরী তাহমিনা (৪৫) ও শ্যালক জাকির (২২) কে ছুরিকাঘাত করে। এসময় শ্যালক জাকির সোনামিয়াকে পাল্টা ছুরিকাঘাত করে। একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এসে তিনজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে জামাই-শ^াশুড়ী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে আহত জাকির চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনায় জড়িত উভয় পক্ষ পুরাতন রোহিঙ্গা বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থলে পুলিশের টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন। অনুসন্ধান শেষে এই হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।













