
রামু প্রতিনিধি:
কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেন বলেছেন- সমাজ ও রাষ্ট্রকে সত্যিকারের সফলতা এনে দিতে হলে ছাত্র-যুব সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। মাদক, সন্ত্রাস থেকে যুবসমাজকে রক্ষায় সামাজিক, জনকল্যাণমূলক ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। মানবিক কাজে মানসিক প্রশান্তি থাকে। একটি ভালো কাজ মানুষকে আরো ভালো কাজ করতে উৎসাহি করে। জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে এলাকায় প্রশংসিত হয়েছে। যা সবার জন্য অনুকরণীয়।
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের যুব সমাজের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের ঈদ পুনর্মিলনী, সংগঠনের কার্যালয় ও শিক্ষাতরী পাঠাগার উদ্বাধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার, ১৫ জুলাই জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইটস্থ চান্দ মিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, কক্সবাজার জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আবদুল মজিদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ইউপি সদস্য মিজান উল্লাহ সিকদার, সাবেক ইউপি সদস্য জসিমুল ইসলাম, সাংবাদিক ছৈয়দ আলম প্রমূখ।
জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের এডমিন তৌহিদুল ইসলাম বারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের এডমিন মকছুদুর রহমান অভি। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছৈয়দ করিম। এতে জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের এডমিন রহিম উদ্দিন সোহেল, নুরুল আলম, মডারেটর এনামুল হক এনাম ও সদস্য দিদার মিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- করোনাকালীন সময়ে জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের অবদান ছিলো প্রশংসনীয়। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন এখনও সুশৃঙ্খলভাবে চলমান আছে। এসব কার্যক্রম অব্যাহত রাখলে এলাকার জনসাধারণ এ সংগঠনের সুফল আরো বেশী ভোগ করবে। অতিথিবৃন্দ জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ‘জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম’ এর কার্যালয় ও শিক্ষাতরী পাঠাগার উদ্বাধন করেন। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ি, শিক্ষক, জনপ্রতিনিধি সহ সর্বস্তুরের জনসাধারণ এবং জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।













