
পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় ডাকাতের দুই গ্রুপ ও পুলিশের সাথে ত্রিমুখি গোলাগুলিতে মোহাম্মদ আলম (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছে। এ সময় সহকারী পুলিশ সুপার সহ আহত হয়েছে পুলিশের ৫ সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ টি দৈশীয় তৈরী বন্দুক, ২৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নিহত মোহাম্মদ আলম পেকুয়া রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার মো: আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র, নির্যাতনসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে টৈইটং ইউনিয়নের গুদিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পেকুয়া থানার ওসি মো: কামরুল আজম বলেন, মঙ্গলবার ভোরে টৈইটং ইউনিয়নের গুদিকাটা এলাকায় দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে গহীন অরণ্যে পালিয়ে যায়। পুলিশও আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ওই সময় সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউর ইসলাম, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও এএসআই মেজবাহ উদ্দিনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।
তিনি আরো বলেন, পরে ঘটনাস্থলে অভিযান চালালে তালিকাভুক্ত ডাকাত আলমের মরদেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় ডাকাতের ব্যবহ্নত অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।













